বুধবার, ০৮ Jul ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের লাইনআপ। ছবি : সংগৃহীত স্পোর্টস ডেস্ক:: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াই শেষে চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের লাইনআপ। নাটকীয় সব ম্যাচ পেরিয়ে শিরোপার দৌড়ে টিকে থাকা আট দল এখন সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে মাঠে নামবে।
মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড- এই আট দল নিশ্চিত করেছে শেষ আটের টিকিট। অন্যদিকে শেষ ষোলোর বাধা পেরোতে না পেরে বিদায় নিয়েছে আয়োজক দেশ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পাশাপাশি প্যারাগুয়ে, ব্রাজিল, পর্তুগাল, মিশর এবং কলম্বিয়া।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। যুক্তরাষ্ট্রের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি বাংলাদেশ সময় ১০ জুলাই শুক্রবার রাত ২টায় শুরু হবে। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়েছিল ফ্রান্স। চার বছর পর আবারও নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে দুই দল।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন ও বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি বাংলাদেশ সময় ১১ জুলাই শনিবার রাত ১টায় শুরু হবে। শেষ ষোলোতে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে পরাজিত করে শেষ আট নিশ্চিত করেছে বেলজিয়াম।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১২ জুলাই রোববার রাত ৩টায়। ব্রাজিলকে হারিয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত নরওয়ে কঠিন পরীক্ষার মুখে ফেলতে চাইবে ইংল্যান্ডকে। অন্যদিকে মেক্সিকোর বিপক্ষে লড়াই করে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশরা।
সবচেয়ে আকর্ষণীয় লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচটি। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বাংলাদেশ সময় ১২ জুলাই রোববার সকাল ৭টায় শুরু হবে এই ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ষোলোতে মিশরকে ৩-২ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে। অন্যদিকে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড।
কোয়ার্টার ফাইনালের সূচি:
ফ্রান্স বনাম মরক্কো- ১০ জুলাই, রাত ২টা, বোস্টন স্টেডিয়াম
স্পেন বনাম বেলজিয়াম- ১১ জুলাই, রাত ১টা, লস অ্যাঞ্জেলস স্টেডিয়াম
নরওয়ে বনাম ইংল্যান্ড- ১২ জুলাই, রাত ৩টা, মায়ামি স্টেডিয়াম
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড- ১২ জুলাই, সকাল ৭টা, কানসাস সিটি স্টেডিয়াম
বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন এখন আরও কাছে। প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে স্নায়ুচাপের লড়াই। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে মাঠে নামবে বিশ্বের অন্যতম সেরা দলগুলো। এখন দেখার বিষয়, কারা পেরিয়ে যাবে শেষ আটের বাধা এবং পৌঁছে যাবে বিশ্বকাপের শেষ চারে।