শনিবার, ২০ Jun ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

বিজিবি সদস্যদের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল হাইকোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক::

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক হাজার ১৩৪ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে জারি করা প্রজ্ঞাপন ১১৯ জনের ক্ষেত্রে স্থগিত করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৭ জুলাই) বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আব্দুল কাইয়ূম লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ।

আইনজীবী আব্দুল কাইয়ূম জানান, গেজেট বাতিল আইনগত না হওয়ায় সংক্ষুব্ধ ব্যক্তিরা রিট করেছেন। আজ আদালত পৃথক রিটের শুনানি নিয়ে ১১৯ জনের ক্ষেত্রে গেজেটটি নিয়মিত আদালত খোলা না হওয়া পর্যন্ত স্থগিত করেছেন।

বাগেরহাটের সদর উপজেলার বেগুরগাতি গ্রামের মোল্লা মোশাররফ হোসেনসহ ৮৭ জন এবং টাঙ্গাইলের সদর উপজেলারে বেথবাড়ীর ফজলুল হকসহ ৩২ জন এ দুটি রিট করেন।

গত ৭ জুন ১ হাজার ১৩৪ জন বিজিবি সদস্যের গেজেট বাতিল করে সরকার।

ওই গেজেটে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ এর তালিকা ৪১-এর ৫ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে জামুকার ৬৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী স্বাধীনতাযুদ্ধের পর (১৬ ডিসেম্বর ১৯৭১ সাল) বর্ডার গার্ড বাংলাদেশে যোগদান করা মুক্তিযোদ্ধাদের ১ হাজার ১৩৪ জনের নামে প্রকাশিত গেজেট বাতিল করা হলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com