মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

বিজয়ের নির্দেশে ৭১৭ সরকারি মদের দোকান বন্ধ হচ্ছে

থালাপতি বিজয়। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় প্রশাসনিক সিদ্ধান্তে রাজ্যের ৭১৭ সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন জোসেফ বিজয়।

মঙ্গলবার দেওয়া এক সরকারি আদেশে ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের কাছাকাছি থাকা এসব দোকান দুই সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়া বা বন্ধ করতে বলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন (তাসম্যাক) পরিচালিত মদের দোকানগুলো এ সিদ্ধান্তের আওতায় পড়েছে।

তামিলনাড়ু সরকারের তথ্য অনুযায়ী, রাজ্যে বর্তমানে মোট ৪ হাজার ৭৬৫ সরকারি মদের দোকান রয়েছে। বন্ধের তালিকায় থাকা ৭১৭ দোকানের মধ্যে ২৭৬ ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে, ১৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত।

দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজয়ের এ সিদ্ধান্তকে সামাজিক সংস্কার ও জনস্বার্থে বড় পদক্ষেপ হিসেবে দেখছে তার সরকার। তবে তাসম্যাক রাজ্যের অন্যতম বড় রাজস্ব আয়ের উৎস হওয়ায় এই সিদ্ধান্তে সরকারের আয় কতটা প্রভাবিত হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

৫১ বছর বয়সী অভিনেতা-রাজনীতিক জোসেফ বিজয় রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার দল টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়ার পর কংগ্রেস, বাম দল, ভিসিকে ও মুসলিম লিগের সমর্থনে রাজ্যে প্রথমবারের মতো জোট সরকার গঠন হয়েছে। বর্তমানে বিধানসভায় বিজয়ের দলের ১০৭ আসন রয়েছে। শরিকদের ১৩ বিধায়কের সমর্থন নিয়ে তিনি শিগগিরই আস্থা ভোটের মুখোমুখি হবেন।

মদের দোকান বন্ধের পাশাপাশি নতুন সরকার আরও কয়েকটি জনকল্যাণমূলক সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে আবাসিক গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠন এবং প্রতিটি জেলায় মাদকবিরোধী ইউনিট স্থাপন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com