শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক ঃত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি। বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন
এক্স-এ দেওয়া বার্তায় নরেন্দ্র মোদি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের পথে ভারত সবসময় পাশে থাকবে।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। পারস্পরিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা ও অভিন্ন উন্নয়ন লক্ষ্যে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে শুক্রবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপির বিজয়ে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র। ওই পোস্টে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমৃদ্ধি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করে দেশটি। পাশাপাশি সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র।