বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

‘বাপ–দাদার জমি বিক্রি করে রাজনীতি করি, জনগণের আমানতের খেয়ানত করব না’ : মির্জা ফখরুল

মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও–১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনীতি করি নিজের ঘাম ঝরানো সম্পদ দিয়ে। বাপ–দাদার জমি বিক্রি করে রাজনীতি করি, জনগণের আমানতের খেয়ানত করার রাজনীতি আমাদের নয়।

রোববার (২৫ জানুয়ারী) বিকেলে রাণীশংকৈল উপজেলার সালান্দর বরুনাগাঁও মাদরাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের দলে কেউ যদি দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত থাকে, আপনারা আমাকে জানাবেন। সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ যে ধরনের কাজ করেছে, বিএনপির কোনো নেতাকর্মীকে সে পথে যেতে দেওয়া হবে না।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ে নারীরা সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে তারা সরকারি নানা সুযোগ-সুবিধা পাবেন। সাধারণ মানুষের জন্য সহজ ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে চালু করা হবে স্বাস্থ্য কার্ড।

বিএনপির অতীত ভূমিকার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি ছিলেন সৎ ও দেশপ্রেমিক মানুষ যার প্রমাণ তার জানাজায় লাখো মানুষের উপস্থিতি। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও মানুষের ভালোবাসা প্রশ্নাতীত।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমি আপনাদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাই।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com