সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বান্দরবান ইসলামিয়া মাদরাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদরাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় পার্বত্য অঞ্চলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি পর্যটন ও কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তিনি বলেন, পাহাড়ের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, সংস্কৃতি-ঐতিহ্য সংরক্ষণ ও স্থানীয় অর্থনীতির বিকাশকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী। পরে মাদ্রাসার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে মাদ্রাসার সাবেক ও বর্তমান শত শত শিক্ষার্থী অংশ নেন।

আলোচনা সভায় পার্বত্যমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকার মানসম্মত শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শুধু একটি নির্দিষ্ট এলাকা নয়, পুরো পার্বত্য অঞ্চলের শিক্ষাব্যবস্থার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে ধর্মীয় শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।তাই সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার ওপরও গুরুত্ব দিতে হবে। শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে জ্ঞানী ও দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে তৈরি করতে হবে।

পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চল শুধু একটি প্রশাসনিক এলাকা নয়। এর সঙ্গে পাহাড়ি জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি, ঐতিহ্য ও প্রাকৃতিক বৈচিত্র্য জড়িয়ে রয়েছে। এসব সম্পদ সংরক্ষণের পাশাপাশি পর্যটন ও স্থানীয় অর্থনীতির বিকাশে কাজে লাগাতে হবে। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি সংস্কৃতি, ঐতিহ্য ও প্রকৃতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সম্প্রীতির মধ্য দিয়েই শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠবে। পাহাড়ের উন্নয়নে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের প্রধান বক্তা চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষা, যোগাযোগ ও জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের চলমান উদ্যোগ আরো এগিয়ে নিতে সহযোগিতা করা হবে। পিছিয়ে পড়া পাহাড়ি-বাঙালি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাটের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষার মানোন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে ১ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক মো. ওসমান গনি, অ্যাডভোকেট আবুল কালাম, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান কাদেরী, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

১৯৭৬ সালে প্রতিষ্ঠিত বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদরাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে মাদরাসা প্রাঙ্গণ। দীর্ঘ পাঁচ দশকের পথচলার স্মৃতিচারণ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলন এবং নানা আয়োজনে প্রতিষ্ঠানটির সুবর্ণজয়ন্তী পরিণত হয় প্রাণের মিলনমেলায়।

 

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com