রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

বলিউড সিনেমায় নুসরাত ফারিয়া!

বিনোদন প্রতিবেদক::

অনেক আগেই একবার ঘোষণা এসেছিলো বলিউডের সুপারস্টার ইমরান হাশমির বিপরীতে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। সেই ঘোষণা আর সত্য হয়নি। তবে ফারিয়া নিজের দেশের বাইরে কলকাতার জিৎ, অঙ্কুশদের সঙ্গে বেশ জমিয়ে অভিনয় করেছেন। সেই সুবাদে কলকাতাতেও জনপ্রিয়তা আছে এ নায়িকার।

তবে এবার বলিউডেও চমক দেখাতে চলেছেন তিনি। জানা গেল, শিগগিরই হিন্দি ভাষার একটি সিনেমায় দেখা যাবে তাকে। বেশ কয়েকদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো। অবশেষে এই বিষয়ে জানতে নুসরাত ফারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও তেমনি আভাস দিলেন।

নুসরাত ফারিয়া ১০ মার্চ দুপুরে বলেন, ‘মুম্বাই গিয়েছিলাম। আজই দেশে ফিরেছি। সেখানে একটি সিনেমার লুক টেস্ট দিয়ে এসেছি। যেহেতু কিছু চূড়ান্ত নয় তাই এ নিয়ে এখনই বলতে চাই না। দেখা যাক কী হয়।’

এদিকে নুসরাত ফারিয়া জানান, ১১ মার্চ থেকে তিনি শিহাব শাহীনের ‘যদি…কিন্তু…তবুও’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। ঢাকার শুটিং শেষে ১৩ মার্চ কক্সবাজারে চলবে দৃশ্যায়ন। সেখানে টানা কাজ করে সিনেমাটির শুটিং শেষ হবে। রোমান্টিক আর কমেডি ঘরানার এই সিনেমাতে ফারিয়ার বিপরীতে আছেন অপূর্ব।

পাশাপাশি নুসরাত ফারিয়া আলোচনায় রয়েছেন বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনা চরিত্রের জন্যও। সিনেমাটির আপডেট কি জানতে চাইলে ফারিয়া বলেন, ‘আমাকে এ নিয়ে অফিসিয়ালি কিছুই জানানো হয়নি। এছাড়া সিনেমাটি নিয়ে গণমাধ্যমে কথা বলাও নিষেধ আছে। তাই আমি কোনো তথ্য দিতে পারছি না। দুঃখিত।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com