সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

বলিউড গায়ক মিকা সিং দুবাইয়ে গ্রেপ্তার

বিনোদন ডেস্ক::

বারবার নানা বিতর্কে জড়ানো বলিউড গায়ক মিকা সিং এবার ব্রাজিলীয় এক তরুণীকে অশ্লীল ছবি পাঠিয়ে যৌন হেনস্থার অভিযোগে দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।

দুবাই ও ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ১৭ বছরের ওই তরুণী মডেল মিকার বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে অশ্লীল ছবি পাঠানোর অভিযোগ দায়ের করেন দুবাইয়ের একটি থানায়। এরপরই ভোররাতে একটি পানশালা থেকে তাকে আটক করে পুলিশ। মিকাকে জেরা করা হচ্ছে।

ওদিকে, মিকার বন্ধুরা তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। একটি লাইভ অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন মিকা। তিনি আটক হওয়ার খবর স্বীকার করেছে দুবাই পুলিশ।

বলিউডে বহু হিট গান গেয়েছেন পঞ্জাবী এই গায়ক। কিন্তু নানা বিতর্কের কারণে তিনি বারবার শিরোনাম হয়েছেন। ২০০৬ সালে মুম্বাইয়ে বলিউড তারকা রাখি সবন্তের জন্মদিনের পার্টিতে তাকে জোর করে চুমু খাওয়ার অভিযোগ ওঠে মিকার বিরুদ্ধে।

২০১৪ সালে ফের বেপরোয়া গাড়ি চালিয়ে একটি অটোকে ধাক্কা দিয়ে অভিযুক্ত হন মিকা। ২০১৫ সালে দিল্লিতে একটি অনুষ্ঠানে এক চিকিৎসককে চড় মারার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এবার ব্রাজিলীয় মডেলকে অশ্লীল ছবি পাঠিয়ে আটক হওয়ার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগের তালিকা আরো লম্বা হল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com