রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

বলিউডের সংগীত পরিচালক ওয়াজিদ খান মারা গেছেন

বিনোদন প্রতিবেদক::

‘দাবাং’, ‘ওয়ান্টেড’-এর মতো চলচ্চিত্রের অন্যতম সংগীত পরিচালক ও গায়ক ওয়াজিদ খান মারা গেছেন।

কয়েক বছর ধরে কিডনির জটিলতায় আক্রান্ত ওয়াজিদ রোববার রাতে মারা গেছেন বলে এক খবরে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪২ বছর।

তিনি করোনাভাইরাসেও আক্রান্ত ছিলেন বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বলিউডের পরিচিত সংগীত পরিচালক জুটি সাজিদ-ওয়াজিদের ইতি ঘটল; জুটি বেঁধে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দেন তারা।

তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করছেন বলিউড তারকারা।

প্রিয়াঙ্কা চোপড়াও টুইটারে লেখেন, “সব সময় মনে পড়বে ওয়াজিদ ভাইয়ের প্রাণখোলা হাসি। সব সময়ে হাসিমুখে থাকতেন, বড্ড তাড়াতাড়ি চলে গেলেন। গভীর সমবেদনা রইল তার পরিবারের প্রতি। আমার ভাবনায় ও প্রার্থনায় সব সময়ে থাকবেন।”

সালমান খানের ‘প্যার কিয়া তো ডরনা কেয়া’ (১৯৯৮) চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে অভিষেক হয় সাজিদ-ওয়াজিদের।

বেশ কয়েকটি চলচ্চিত্রের সংগীত পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন ওয়াজিদ। তার কণ্ঠে ‘হুড় হুড় দাবাং’, ‘ফেভিকল সে’ অথবা ‘চিন্তা তা চিতা চিতা’ গানগুলো শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com