সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা চরিত্রে পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক::

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’, যা নির্মাণ করছেন জুয়েল মাহমুদ। এতে বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। আর বঙ্গবন্ধু চরিত্রে থাকছেন আহমেদ রুবেল। গত সপ্তাহে মানিকগঞ্জ থেকে এর শুটিং করে এসেছেন পূর্ণিমা।

পূণির্মা বলেন, ‘এটা একটি ঐতিহাসিক চরিত্র। তবে এখানে আমার উপস্থিতি কম পরিসরে। কিছুটা ক্যামিওর মতো। বঙ্গবন্ধুর যৌবনকালের সময়টুকুতে দেখা যাবে আমাকে। তিনি তখন বেশ জনপ্রিয় হয়ে উঠছেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে সারাদেশে আন্দোলন করে বেড়ান। আর আমি ঘর সামলাই। অল্প সময়ের হলেও খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র। এখানে আমাকে ইয়াং বয়সে দেখা যাবে। আশা করছি এ চলচ্চিত্রটি দেখে দর্শক অনেক কিছু জানতে পারবেন।’

তিনি জানান, ছবিতে তার অংশের কাজ শেষ হয়েছে। এখন চলছে অন্যদের শুটিং। ছবিতে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও অবদান তুলে ধরা হয়েছে।

চলচ্চিত্রটির নির্মাতা জুয়েল মাহমুদ বলেন, ‘অনেকদিনে আশা ছিল ঐতিহাসিক গল্প নিয়ে একটি ছবি নির্মাণ করার। প্রথমেই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা চরিত্রটি নিয়ে বেশি ভেবেছি। অভিনেত্রী পূর্ণিমাকে আমার এ চরিত্রের জন্য মানানসই মনে হয়েছে। আশা করছি পূর্ণিমা অভিনীত চরিত্রটি দর্শকের ভালো লাগবে।’

এ চলচ্চিত্রটি ছাড়াও পূর্ণিমা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রে অভিনয় করছেন। বাণিজ্যিক ধারার এ ছবিটি নির্মাণ করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ। ছবিতে পূর্ণিমাকে দেখা যাবে মোহনা চরিত্রে।

পূর্ণিমা বলেন, ‘উপন্যাস-সাহিত্যনির্ভর গল্পে এখন কম ছবি নির্মিত হয়। মৌলিক গল্পের ছবি দর্শক পছন্দ করেন। সেটা মাথায় রেখেই ছবিটি করছি। পাঁচ বছর বিরতি দিয়ে আবার চলচ্চিত্রে ফিরছি। আমি চাচ্ছিলাম এই ধরনের গল্পে কাজ করতে। ছবিতে একজন এনজিওকর্মীর চরিত্রে অভিনয় করেছি। আশা করছি ছবিটি দর্শকরা ভালোভাবে গ্রহণ করবেন।’

‘গাঙচিল’ ছবিটি প্রযোজনা করছে নুজহাত ফিল্মস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com