রবিবার, ০৫ Jul ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

ফরিদপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের আসামি গ্রেপ্তার

মো: সামাদ খান,ফরিদপুর প্রতিনিধি ।।
ফরিদপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি মো. ফিরোজ শেখকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার আসামি ফিরোজ ফরিদপুর জেলার কোতোয়ালি থানার কৃষ্ণনগর গ্রামের অজিদ শেখের ছেলে।সোমবার (২৯ এপ্রিল) বিকেলে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন পরমানন্দপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে র‌্যাব-১০ এর সহকারীপরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম জে .সোহেল জানান, ২২ এপ্রিল আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভুক্তভোগী মানসিক ভারসাম্যহীন নারী (৩২) তার বসবাসরত বাবার বাড়ির কাছে একটি দোকানে চা পাতা ও চিনি কিনতে যায়। চা পাতা ও চিনি কিনে বাসায় ফেরার সময় আসামি ফিরোজ অটোভ্যানে করে ভুক্তভোগীকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোভ্যানে তুলে। এরপর সে ভুক্তভোগীকে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন কৃষ্ণনগর এলাকার একটি মাঠে নির্জন স্থানে নিয়ে গিয়ে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ফরিদপুর জেলার কোতোয়ালি থানায় ফিরোজের নামে একটি ধর্ষণ মামলা (নং-৭০) দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি জানতে পেরে ফিরোজ আত্মগোপনে চলে যায়। মামলার পরিপ্রেক্ষিতে মানসিক ভারসাম্যহীন নারীকে অপহরণপূর্বক ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি ফিরোজকে গ্রেপ্তার করে র‌্যাব-১০।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ফিরোজ মানসিক ভারসাম্যহীন নারীকে অপহরণপূর্বক ধর্ষণের কথা স্বীকার করেছে। সে মামলা দায়েরের পর থেকে নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য ফরিদপুরের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com