সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

রোববার (২৪ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুরগামী একটি বিআরটিসি বাস এবং ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের মধ্যে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু নিশ্চিত করা হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। মরদেহগুলো উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং বিআরটিসি বাসের সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে ক্রেনসহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়। এতে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং ধীরে ধীরে যান চলাচল পুনরায় চালু হয়।

প্রাথমিকভাবে অতিরিক্ত গতি বা নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com