শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল হস্তান্তর করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল পরীক্ষার ফল তুলে দেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে গণভবনে তার হাতে ফল হস্তান্তর করা হয়।
এরপর বেলা সাড়ে ১১টায় প্রথম সংবাদ সম্মেলনটি করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর দুপুর ১টায় অপর সংবাদ সম্মেলন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. জাকির হোসেন।
চারটি সমাপনী পরীক্ষাগুলো হচ্ছে- অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি)।
প্রসঙ্গত, এ বছরের ২ নভেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয়। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যাছিলো ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ২ লাখ ১৮ হাজার ২৯২ জন বেশি। আর ১৭ নভেম্বর শুরু হয় পিইসি ও ইইসি পরীক্ষা। এতে ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ও ইবতেদায়ি সমাপনীতে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন শিক্ষার্থী ছিলো।