শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

প্রথমবারের মতো ভারতীয় সিনেমায় বিশ্ব বিখ্যাত বক্সার মাইক টাইসন

বিনোদন ডেস্ক:: বলিউডে ডেবিউ করতে চলেছেন বক্সিং লেজেন্ড মাইক টাইসন। সোমবারই টুইটারে করণ জোহার জানিয়েছেন তার আগামী ছবি লাইগার, সেই ছবিতেই এবার অভিনয় করবেন সর্বকালের সেরা বক্সার। মাইকের পাশাপাশি এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পান্ডে।

সোমবার টুইটারে করণ লেখেন, এই প্রথম ভারতীয় সিনেমার পর্দার দেখা যাবে কিং অফ রিং মাইক টাইসনকে। লিগার টিমে মাইক টাইসনকে স্বাগত। পাশাপাশি ছবির একটি প্রমোশনাল ভিডিও পোস্ট করেন করণ। সাদা কালো ভিডিওতে লিগার টিমের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা গর্বিত যে প্রথমবার ভারতীয় ছবিতে অভিনয় করতে চলেছেন ইতিহাস রচয়িতা, অপ্রতিরোধ্য আইকন, প্রবাদপ্রতিম মাইক টাইসন।’ ভিডিওটি দেখে যদিও এই স্পোর্টস ড্রামার চিত্রনাট্য সম্পর্কে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। বোঝা যাচ্ছে না যে আদৌ বিজয়ের বিপরীতে মাইক টাইসনকে রিংয়ে দেখা যাবে কিনা।

এই ভিডিয়ওটি টুইট করে বিজয় দেবেরাকোন্ডা লিখেছেন,’আমরা পাগলামি দেখাবো বলেছিলাম, এখান থেকেই তার শুরু। প্রথমবার ভারতীয় পর্দায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর লোক, বক্সিংয়ের ঈশ্বর, লেজেন্ড, সর্বকালের সেরা।’

তবে এটাই প্রথমবার নয় এর আগেও বলিউডের ছবিতে দেখা গেছে মাইক টাইসনকে। ২০০৭ সালে শাহিদ কাপুর অভিনীত ফুল অ্যান্ড ফাইনাল ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিতে শাহিদের সঙ্গে ছিলেন সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ ও সানি দেওল।

এই বছর সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল লিগারের। কিন্তু করোনা অতিমারির কারণে পিছিয়ে যায় ছবির রিলিজ। গত মে মাসে রিলিজ করেছিল এই ছবির টিজার। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মায়ায় রেখেই আগামী বছর রিলিজের পরিকল্পনা নিয়েছেন প্রযোজক করণ জোহার। হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, মালায়লাম একসঙ্গে এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে লাইগার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com