বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
একুশের কন্ঠ নিউজ ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলা নিশ্চিত করেছে ওমান। শেষ দল হিসেবে আগামী বছরের আসরের বাছাইপর্বে সরাসরি খেলার টিকেট পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। তাতে বিশ্বকাপের বাছাইপর্বের প্লে-অফে খেলতে হবে তিন আয়োজক দেশের একটি নামিবিয়াকে।
২০২৪-২০২৬ লিগ টু চক্রে নামিবিয়ার সমান ৩৩ পয়েন্ট পেয়েছে ওমান। তবে নেট রানরেটে সামান্য এগিয়ে থেকে চতুর্থ হয়েছে তারা। এতে সরাসরি জায়গা করে নিয়েছে ২০২৭ বিশ্বকাপের বাছাই পর্বে।
লিগ টু এর পয়েন্ট টেবিলের প্রথম চার দল সরাসরি খেলবে বাছাইপর্বে। আগেই সেখানে জায়গা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।
লক্ষ্য পূরণে বুধবার লিগ টু-তে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বড় পরাজয় এড়ানোই যথেষ্ট ছিল ওমানের। ২২৬ রান তাড়ায় যখন ১০৩ রান করে ফেলে তারা, তখনই নামিবিয়াকে টপকে টেবিলে চারে উঠে যায় দলটি এবং নিশ্চিত হয়ে যায় তাদের বিশ্বকাপের বাছাইপর্বে খেলা।
শেষ পর্যন্ত ম্যাচটিতে ৪২ রানে হারে ওমান।
লিগ টু-এর বাকি চার দল নেপাল, আরব আমিরাত, কানাডা ও নামিবিয়া এখন খেলবে বিশ্বকাপের বাছাইপর্বের প্লে-অফে। তাদের সঙ্গে যোগ দেবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগের দুই গ্রুপের সেরা দুটি করে দল।
চ্যালেঞ্জ লিগের ‘এ’ গ্রুপ থেকে বাছাইপর্বে জায়গা করে নিয়েছে জার্সি ও কুয়েত এবং ‘বি’ গ্রুপ থেকে ইতালি ও উগান্ডা। প্লে-অফের মাধ্যমে বাছাইপর্বে সরাসরি জায়গা পাওয়া দলগুলোর সঙ্গে যোগ দেবে আরও চার দল।
বাছাইপর্বে আট দলের সঙ্গে যুক্ত হবে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। গত ৩০ সেপ্টেম্বর র্যাঙ্কিংয়ে শীর্ষ আট দলের মধ্যে না থাকায় সরাসরি বিশ্বকাপে খেলার টিকেট পায়নি এই দুই দল। মূল পর্ব নিশ্চিত হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েসহ মোট ১০ দলের।
বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে জায়গা পাবে। আর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দল খেলবে সুপার সিরিজে। সুপার সিরিজের শীর্ষ দলটি যাবে পরের ধাপ, গ্রুপ পর্বে।
২০২৭ বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। দুই পূর্ণ সদস্য দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে খেলবে সরাসরি। নামিবিয়ার অংশ গ্রহণের পথ হয়ে গেল আরও কঠিন। ওমানের চেয়ে পিছিয়ে পড়ায় এখন নিজ দেশের বিশ্বকাপে দর্শক হয়ে থাকার শঙ্কা তাদের সামনে।