বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর ১১ দিন বাকি। চলছে জোর প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। ২৪- এর গণ-অভ্যুত্থান পরবর্তী দেশে হতে যাওয়া এই নির্বাচনে এবার অনেক কিছু ব্যতিক্রম। নতুনত্ব এসেছে প্রচারে। প্রতিশ্রুতি, প্রচার কৌশলে ডিজিটাল মাধ্যমের জয়জয়কার। দীর্ঘ প্রায় দেড় যুগ পর মুক্ত পরিবেশে হতে যাওয়া এই নির্বাচনে যুক্ত হয়েছে অনেক নতুন বিষয় আর ইস্যু। যা দেশের নির্বাচনী ইতিহাসে আগে হয়নি।
এবারের নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো নির্বাচনী বাসে চলাচল করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে জামায়াতের পক্ষ থেকেও প্রচারণা বাসের উদ্বোধন করা হয়। এবারই প্রায় সব দল নিয়ে নির্বাচন হলেও নির্বাচন করতে পারছে না সদ্য ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল।
পোস্টারহীন নির্বাচন: নির্বাচন এলেই নির্বাচনী এলাকাগুলোতে, দেওয়ালে, রাস্তায়, বাজারে সবদিকেই থাকতো পোস্টারের ছড়াছড়ি। সেখানে থাকতো প্রার্থীদের নাম, দল আর মার্কা। নির্বাচনী আমেজ বোঝা যেতো পোস্টারের প্রচারণায়। পোস্টারে ছেয়ে যাওয়া দেখলেই মনে হতো দেশে নির্বাচনী কর্মকাণ্ড শুরু হয়েছে। তবে এবার অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধিমালায় বেশ কিছু পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন।
নির্বাচনে প্রচারণায় কোনো ধরনের কাগজের পোস্টার ব্যবহার করতে পারছেন না প্রার্থীরা। লিফলেট আর ব্যানারে থাকছে না প্রার্থী ও দলীয় প্রধান ছাড়া অন্য কারও ছবি। নির্বাচনী আচরণবিধিতে এবার প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নির্বাচনের প্রচারণায় যেমন বেশ কিছু ধারা যুক্ত করা হয়েছে। প্রথমবারের মতো টেলিভিশন সংলাপেরও আয়োজন করেছে নির্বাচন কমিশন। পোস্টার না থাকায় ব্যানারসহ বিকল্প নানা মাধ্যমে প্রচার কৌশল বেছে নিয়েছেন প্রার্থীরা।