মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

পর্দা উঠছে ঢাকা লিট ফেস্টের

ই-কণ্ঠ অনলাইন::

পর্দা উঠছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাহিত্যের মিলনমেলা ঢাকা লিট ফেস্টের।

আজ বৃহস্পতিবার (৮ নভেম্বর) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ‘ঢাকা লিট ফেস্ট ২০১৮’-এর উদ্বোধন করবেন।

দেশি-বিদেশি সাহিত্যিকদের নিয়ে আয়োজিত এবারের লিট ফেস্টের অষ্টম সাহিত্য উৎসব।

এবার এ সাহিত্য উৎসবে ১৫ দেশের দুই শতাধিক সাহিত্যিক, অভিনেতা, রাজনীতিক, গবেষক, সাংবাদিক অংশ নেয়ার কথা রয়েছে। বাংলাদেশের প্রায় দেড়শ লেখক, অনুবাদক, সাহিত্যিক ও শিক্ষাবিদ এ আয়োজনে অংশ নিচ্ছেন।

এবারের লিট ফেস্টে থাকছে আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনীসহ শতাধিক সেশন। এ ছাড়া আয়োজনের চমক আনপ্লাগড মিউজিক কনসার্ট থাকছে।

সূত্রের খবর, এবারের লিট ফেস্টের শেষ দিনে ভারতীয় সাহিত্যিকদের মধ্যে শীর্ষেন্দু মুখোপাধ্যায় আসছেন। তিনি বাংলাদেশের সাহিত্যপ্রেমীদের সঙ্গে কথা বলবেন।

আত্মজীবনী নিয়ে কথা বলতে আসছেন একসময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা।

সম্প্রতি বহুল আলোচিত #মিটু আন্দোলন নিয়ে কথা বলতে আসছেন অভিনেত্রী ও অ্যাক্টিভিস্ট নন্দিতা দাস।

দ্বিতীয়বারের মতো ঢাকা লিট ফেস্টে দেখা যাবে অস্কার বিজয়ী অভিনেত্রী টিলডা সুইন্টনকে।

বাংলাদেশ থেকে যারা ঢাকা লিট ফেস্টে অংশগ্রহণ করছেন, তাদের মধ্যে রয়েছেন- ড. আনিসুজ্জামান, শামসুজ্জামান খান, সেলিনা হোসেন, আফসান চৌধুরী, আসাদ চৌধুরী, আসাদুজ্জামান নূর, ইমদাদুল হক মিলন, আনিসুল হক, সৈয়দ মনজুরুল ইসলাম, কামাল চৌধুরী, ফখরুল আলম, মইনুল আহসান সাবের, আলী যাকের, কায়সার হক, খাদেমুল ইসলাম, অমিতাভ রেজা, মুন্নী সাহা, শাহনাজ মুন্নী, নবনীতা চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com