শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

পরীমনি ও রাজের বিরুদ্ধে একাধিক মামলার প্রস্তুতি

স্টাফ রিপোর্টার:: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি এবং চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে একাধিক মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার (৫ আগস্ট) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার বিকেলে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এরপর প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও সিসার সরঞ্জাম জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরীমনি ও রাজকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে। মামলায় দুজনকেই গ্রেফতার দেখানো হবে।

তাদের বিরুদ্ধে কী মামলা হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার পরে বিস্তারিত জানানো হবে।

গতকাল বুধবার (৪ আগস্ট) বিকেলে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব। পরে সন্ধ্যায় পরীমনিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করতে পরীমনিকে র‍্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে ৮টায় বনানীতে রাজের বাসায় অভিযানে যায় র‍্যাব। টানা দুই ঘণ্টার অভিযান শেষে রাত ১০টা ১৫ মিনিটের দিকে তাকে আটক করেন র‍্যাবের সদস্যরা। তাদের দুজনের বাসা থেকেই বিপুল পরিমাণ দেশী বিদেশী মদ জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com