শুক্রবার, ১২ Jun ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

নৌ আদালতে অভিযান-১০ লঞ্চের দুই মাস্টারের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার মামলায় সেই লঞ্চের দুই মাস্টার আত্মসমর্পণ করতে নৌ-আদালতে হাজির হয়েছেন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে নৌ-আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন।

দুই মাস্টার হলেন- মো. রিয়াজ আহমেদ (ইনচার্জ মাস্টার) ও মো. খলিলুর রহমান (২য় মাস্টার)। নৌ-আদালতে ওয়ারেন্টভুক্ত ওই আসামিরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে এসেছেন।

নৌ আদালতের পাবলিক প্রসিকিউটিং অফিসার মো. বেল্লাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সমুদ্র পরিবহন অধিদফতরের প্রধান পরিদর্শক শফিকুর রহমান বাদী হয়ে রোববার (২৬ ডিসেম্বর) মতিঝিলের নৌ আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন- লঞ্চের মালিক হামজালাল শেখ, শামীম আহমেদ, রাসেল আহমেদ, ফেরদৌস হাসান এছাড়া মাস্টার ইনচার্জ রিয়াজ আহমেদ, মাস্টার খলিলুর রহমান, ড্রাইভার ইনচার্জ মাছুম বিল্লাহ ও ড্রাইভার আবুল কালাম।

প্রসঙ্গত, ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির গাবখানের কাছাকাছি সুগন্ধা নদীতে থাকা অবস্থায় গত বৃহস্পতিবার রাত ৩টার পর আগুনে পুড়ে যায় অভিযান-১০। ওই ঘটনায় এ পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর এসেছে। আহত হয়ে ৮০ জনের বেশি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com