মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, কেরানীগঞ্জঃ ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, নির্বাচন বন্ধ করার জন্যে দেশী-বিদেশী চক্রান্ত চলছে। নির্বাচনকে রুখে দেওয়ার জন্য করার জন্যে চট্টগ্রামে সাব্বির, ঢাকায় হাদি ও কেরানীগঞ্জে হাসান মোল্লাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা কিছু কিছু জায়গা থেকে সংবাদ পাচ্ছি, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে হামলা ও বোমবাজি করার পরিকল্পনা চলছে।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, কেরানীগঞ্জের একজন প্রার্থী আমাদের বিভিন্ন নির্বাচনী ক্যাম্পে ঢুকে অসৌজন্যমূলক আচরণ করছে। আমাদের নেতা-কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে। ফেসবুকে আমার নামে কুৎসা রটিয়ে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। আমি কখনও ওই প্রার্থীর নামে কিছু বলিনি। আজকেও তার নামে কিছু বলব না।
তিনি আরও বলেন, সেনাবাহিনী কিছু কিছু অস্ত্র উদ্ধার করছে। এখনও অনেক দুর্বৃত্তদের কাছে অস্ত্র রয়েছে। সেগুলোও উদ্ধার করতে হবে। আমার আসনের সবকয়কটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। যাতে জনগণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটারাধিকার প্রয়োগ করতে পারে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি ও কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান প্রমুখ।