রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

নাট্য নির্মাতাকে বিয়ে করলেন পরীমনি

বিনোদন প্রতিবেদক::

বিয়ে করেছেন ঢালিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনি। পাত্র কামরুজ্জামান রনি ছোট পর্দার নির্মাতা। সেই সাথে তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের নির্দেশক ও সদস্য।

গত ১০ মার্চ রাতে রাজারবাগ কাজি অফিসে গোপনে বিয়ে করেন তারা। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে বিয়ের খবর প্রকাশ করেন পরীমনি এবং তার স্বামী কামরুজ্জামান রনি।

অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ ছবির সহকারি পরিচালক হিসেবে কাজ করছেন রনি। ওই ছবিতে অভিনয় করছেন পরীমনি। সেখানে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি হয় তাদের। একপর্যায়ে রনিই বিয়ের প্রস্তাব দেন পরীকে। মনে মনে রনির প্রতি দুর্বল পরী সেই প্রস্তাব এড়াতে পারেননি।

এ ব্যাপারে পরীমনি বলেন, ‘প্রায় পাঁচ মাস আগে ছবির গল্প শোনানোর জন্য হৃদি আপুসহ রনি এসেছিল আমাদের বাসায়। তখন আমি তাঁকে খেয়ালই করিনি। শুটিংয়ে গিয়ে কোথায় থাকব কীভাবে যাব, সেসব নিয়ে তাঁর সঙ্গে প্রথম আলাপ শুরু হয়। এভাবেই একসময় আমাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। মার্চের ৩ থেকে ৭ তারিখ আমরা ঠাকুরগাঁওয়ে শুটিং করি। সেখানে ভীষণ আনন্দে সময় পার হয়ে যায়। ৮ মার্চ ঢাকায় এসে আমি তাঁকে খুব মিস করছিলাম। পরদিন ৯ মার্চ আমরা দেখা করি এবং সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমার মন যেন কেমন করে ওঠে। ওই রাতেই আমরা বিয়ে করে ফেলি।’

উল্লেখ্য, ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমনির। এরপর একের পর এক কাজ করে নিজের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।

প্রায় দুই বছর প্রেমের পর গত বছরের ১৪ এপ্রিল বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন পরীমনি। তখন তিনি জানিয়েছিলেন, সামনে যেকোনো ১৪ এপ্রিল তারা বিয়ে করবেন। সেভাবেই সবকিছু এগোচ্ছিল।

কিন্তু হঠাৎই পরীমনির ফেসবুক পেজ থেকে বাগদানসহ তাদের দুজনের বিভিন্ন সময়ে তোলা অনেক ছবি সরিয়ে ফেলা হয়। পরে গত বছরের ১১ জুন বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন পরীমনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com