শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

নাজমুল হুদার মামলায় চার্জশুনানি ৭ মার্চ

নিজস্ব প্রতিবেদক:: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে মিথ্যা অভিযোগে করা মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে চার্জশুনানির তারিখ পিছিয়ে আগামী ৭ মার্চ ধার্য করেছেন আদালত।

রোববার (৬ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে মামলাটি চার্জশুনানির জন্য ধার্য ছিল। কিন্তু নাজমুল হুদা অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার পক্ষে অ্যাডভোকেট আশহানুর রহমান চার্জশুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে ৭ মার্চ চার্জশুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।

এর আগে গত বছর ২৪ নভেম্বর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ মামলার চার্জশিট গ্রহণ করেন। চার্জশুনানির তারিখ ধার্য করে মামলাটি বিশেষ জজ আদালত-৯ এ বদলির আদেশ দেন। এর আগে গত অক্টোবরে মামলার তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক বেনজীর আহম্মেদ নাজমুল হুদাকে অভিযুক্ত করে এ মামলায় চার্জশিট দাখিল করেন।

২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় কার্যালয়-১-এ নাজমুল হুদার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

জানা গেছে, ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় এস কে সিনহার বিরুদ্ধে একটি মামলা করেন। সেখানে তিনি অভিযোগ করেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে হওয়া একটি মামলা উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলার রায় পরিবর্তন করা হয়। মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক ১ কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চান এসকে সিনহা। পরে মামলাটি তদন্তের জন্য দুদকে আসে।

দেড় বছর তদন্ত করে এসকে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলাটি মিথ্যা অভিযোগে করা মর্মে প্রমাণিত হয়েছে দুদকের। আর মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে উল্টো ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধেই মামলা করে দুদক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com