শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

নাগা-সামান্থার ডিভোর্স ঘোষণা

বিনোদন ডেস্ক:: ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা আক্কিনেনি। অনেকদিন থেকে তাদের ডিভোর্সের গুঞ্জন উড়ছিল। অবশেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এই জুটি।

গত কয়েক মাস ধরে আলাদা থাকছিলেন নাগা ও সামান্থা।

শনিবার (২ অক্টোবর) মাইক্রোব্লগিং সাইট টুইটারে নাগা একটি বিবৃতিতে লিখেছেন, ‘অনেক আলোচনা ও চিন্তার পর সামান্থা ও আমি স্বামী স্ত্রী হিসেবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা সৌভাগ্যবান যে আমাদের এক দশকের বেশি বন্ধুত্ব, যা আমাদের সম্পর্কের মূল বিষয় ছিল। আশা করছি এটিই আমাদের বন্ধন টিকিয়ে রাখবে।’

এই অভিনেতা আরো লিখেছেন, ‘এই কঠিন সময়ে সহযোগিতার ও প্রাইভেসি দেওয়ার জন্য আমাদের ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও মিডিয়াকে ধন্যবাদ। আমাদের এগিয়ে যেতে হবে।’ সামান্থাও ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এই বিবৃতি পোস্ট করেছেন।

২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

জানা গেছে, বিয়ের পরও অভিনয় চালিয়ে যেতে চাইছেন সামান্থা। কিন্তু পর্দায় তার খোলামেলাভাবে উপস্থিতি পছন্দ করছিলেন না নাগা চৈতন্য ও তার বাবা নাগার্জুনা আক্কিনেনি। আর এজন্যই তাদের দূরত্ব তৈরি হয়েছে। এখন তা ডিভোর্স পর্যন্ত গড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com