রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

নাইকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে ২ কানাডিয়ানের সাক্ষ্য আজ

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে কানাডিয়ান দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন আজ ধার্য রয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে কেবিন দুগ্গান ও রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের লয়েড শোয়েপের সাক্ষ্য দেবেন। ইতিমধ্যে সাক্ষ্য দিতে তারা বাংলাদেশে এসেছেন।

এর আগে ১৯ অক্টোবর সাক্ষ্য দিতে তাদের সমন পাঠানো হয়।

গত ১৯ মার্চ একই আদালত খালেদা জিয়াসহ ৮ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন।

অপর আসামিরা হলেন, তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ও বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম। এদের মধ্য প্রথম তিন জন পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com