রবিবার, ২১ Jun ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
নাইকো দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চার্জ শুনানির জন্য আগামী ৪ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
খালেদা জিয়া চিকিৎসার জন্য হাসপাতালে আছেন জানিয়ে রোববার সময় আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে কেরানীগঞ্জে কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান পরবর্তী তারিখ ধার্য করেন।
আদালত সূত্র জানায়, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
উচ্চ আদালতের নির্দেশে চিকিৎসার জন্য তাকে ওই বছরের ৬ অক্টোবর বিএসএমএমইউ’তে নেয়া হয়। তিনি হাসপাতালে থাকা অবস্থাতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির অপর মামলায়ও সাজাপ্রাপ্ত হন। সেখান থেকে গত ৮ নভেম্বর তাকে সরাসরি আদালতে হাজির করা হয়। দীর্ঘদিন কারাগারে থাকার পর গত ১ এপ্রিল দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তি হন তিনি।
সূত্র আরও জানায়, কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তি করে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলাটি করা হয় ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায়। তদন্ত শেষে ২০০৮ সালের ৫ মে চার্জশিট দাখিল করে দুদক। চার্জশিটে খালেদা জিয়াসহ ১১ জনকে আসামি করা হয়। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি ব্যারিস্টার মওদুদ আহমদের পক্ষে আংশিক চার্জ শুনানি হয়।