বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

নভেম্বরেও খোলা হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক::

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস মহামারির মধ্যে আগামী নভেম্বর মাসেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ বুধবার (২১ অক্টোবর) দুপুর মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার বিষয়ে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তিনি এ কথা জানান।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়ার পর গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে কওমি মাদ্রাসা ছাড়া অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু শীতকাল নিয়ে এক ধরনের দুশ্চিন্তা আছে সব জায়গায়, সে কারণে আমরা কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সাথে আলোচনা করব। আমরা যখন মনে করব শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকদের স্বাস্থ্যঝুঁকি নেই এবং যে রিস্কটুকু নেয়া সম্ভব সে পরিস্থিতি হলে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারব। তবে তা কবে হবে সেটি এ মুহূর্তে বলা সম্ভব নয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনলাইনে হবে কিনা, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সকল বিশ্ববিদ্যালয়কে নিয়েই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের যেটি প্রচেষ্টা ছিলো গত কয়েকবছর ধরে সমন্বিত ভর্তি পরীক্ষা। আমরা মনে করি এ বছর যে বাস্তবতা তাতে এই সমন্বিত পরীক্ষাটি সবচেয়ে গুরত্বপূর্ণ। সে সমন্বিত পরীক্ষা যদি সারাদেশব্যাপী আমরা নিতে পারলে স্বাস্থ্যবিধি মেনেই করা সম্ভব।

‘আমাদের ধারণা এটি করা সম্ভব। গত বছর সমন্বিত পরীক্ষার বিষয়ে যে আলোচনা হয়েছে তাতে কয়েকটি বড় বিশ্ববিদ্যালয় তাদের আপত্তির কথা জানিয়েছিলেন, বাকিরা কিন্তু আপত্তি জানায়নি। মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা হয়, এবার কৃষি বিশ্ববিদ্যালয়ে হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আলোচনা করে কি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে সে বিষয়ে আমাদের সিদ্ধান্তটি জানিয়ে দেবো। এটি নিয়েও আমাদের আলোচনা চলছে’।

এ সময় সংবাদ সম্মেলনে অনলাইনে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com