শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

ধর্ষণ মামলা: ট্রাম্পকে ৮ কোটি ৩৩ লাখ ডলার জরিমানার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ধর্ষণের একটি মামলায় পরাজিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে নিউইয়র্কের একটি ফেডারেল আদালত। ভুক্তভোগী নারী এলিজাবেথ জেন ক্যারলকে এই ক্ষতিপূরণের অর্থ প্রদান করতে হবে ট্রাম্পকে।

শনিবার (২৭ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণ ও মানহানির মামলায় হেরে গিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ৮ কোটি ৩৩ লাখ ডলার জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।

স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটান ফেডারেল আদালত এই মামলার রায় ঘোষণা করেন। সাত জন পুরুষ বিচারক ও দু’জন নারী বিচারকের সমন্বয়ে গঠিত আদালত বেঞ্চ রায় ঘোষণার সময় বলেন, জরিমানার এই অর্থ মামলার বাদি মার্কিন লেখক ও সাংবাদিক ই. জেন ক্যারলকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে।

এ রায় ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্যারল। তিনি বলেন, ‘পৃথিবীতে যেসব নারী আঘাত পেয়ে পড়ে যাওয়ার পর ফের উঠে দাঁড়ায়, এই রায় তাদের সবার জন্য; আর যেসব উৎপীড়ক প্রতিনিয়ত নারীকে অত্যাচার করে, মিশিয়ে ফেলতে চায়, এই রায় তাদের জন্যও।’

অন্যদিকে ট্রাম্পও সামাজিক মাধ্যমে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে লিখেছেন, ‘আমাদের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এখন একে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা আমেরিকার সংস্কৃতি নয়।’

প্রসঙ্গত, এলিজাবেথ জেন ক্যারল সাবেক সাংবাদিক-কলাম লেখক। বয়স ৮০ বছর। গত বছর ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেন ক্যারল। একইসঙ্গে ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলা করেন তিনি।

ক্যারলের অভিযোগ, ১৯৯০ সালে ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন। ওই সময় তিনি একজন বন্ধুর জন্য উপহার কিনতে সেখানে গিয়েছিলেন। পূর্বপরিচিত ট্রাম্প তাকে উপহার পছন্দ করে দিতে সহায়তা করছিলেন। এর পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগও করেন ক্যারল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com