শনিবার, ২০ Jun ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
আদালত প্রতিবেদক::
গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (৮ জানুয়ারি) মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।
তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খালেদা জিয়া চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে উপস্থিত করা হয়নি। পরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার তিন নম্বর বিশেষ জজ সৈয়দ দিলজার হোসেন মামলার শুনানি আজকের মতো মুলতবি রেখে নতুন এ দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী চারদলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেন। মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেফতার করা হয়।