বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
বিএনপির মহাসচিব (ভারপ্রাপ্ত) রুহুল কবির রিজভী। নিজস্ব প্রতিবেদক:: চারদিকে ষড়যন্ত্রের জাল ছড়িয়ে পড়ছে। শারদীয় দুর্গাপূজায় দুষ্টচক্রের অপতৎপরতা বেড়ে যেতে পারে। এ জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির মহাসচিব (ভারপ্রাপ্ত) রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৫ অেক্টাবর) বেলা ১১টায় ঢাকার নবাবগঞ্জের হরিশকুল বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের ২৯তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলে প্রবেশ করেই তিনি বিদ্যালয় প্রাঙ্গনে কয়েকটি ফলজ গাছের চারা রোপন করেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশ ও দেশের বাইরে গুপ্ত ও নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠি নানা ষড়যন্ত্রের জাল বুনছে। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে এ দুষ্টচক্র টার্গেট নিতে পারে। এ বিষয়ে দল ও দলের বাইরের সকল শ্রেণীর মানুষকে সজাগ থাকতে হবে। যাতে কোনো অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সারাদেশে সুষ্ঠু পূজা উদযাপন নিশ্চিতের বিষয় খোঁজ খবর রাখছেন। শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাই মিলে কাজ করতে বদ্ধপরিকর।
এসময় তিনি আরো বলেন, নবাবগঞ্জের একটি প্রত্যন্ত সনাতনী বহুল এলাকাকে আলোকিত করতে যিনি এ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাই। শিক্ষোর্থীদের আগামীর বাংলাদেশের সাহসী ও দক্ষ নাগরিক হিসেব গড়ে উঠতে হবে। ভালো ফলাফলই নয়, ভালো মানুষ হয়ে সমাজের কাজে আসতে হবে।
তিনি একই দিন দোহারের জয়পাড়া কলেজ ছাত্রদল আয়োজিত একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ছাত্রদলকে দলবাজি, চাঁদাবাজি সন্ত্রাস ও দখলবাজ চিহ্নিত করে সংগঠন তৈরী করতে হবে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, সাধারণ মানুষের কাতারে আসতে হবে। তাদের প্রতিটি সুখ দু:খে পাশে থাকার চর্চ্চায় গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবু হাসান খন্দকার। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, এ প্রতিষ্ঠান তারই চাচাতো ভাই মরহুম বীর মুক্তিযোদ্ধা পোখরাজ গড়ে তুলেছেন। যখন একটি ইউনিয়নে কোনো স্কুল ছিলো না। সেখানে হিন্দু সম্প্রদায়ের মাঝে শিক্ষার আলো ছড়াতে তার এ উদ্যোগ ছিলো জনহিতকর। অবহেলিত এ অঞ্চলের রাস্তাঘাটসহ সকল উন্নয়ন শীঘ্রই তরান্বিত করা হবে বলে তিনি অঙ্গীকার করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, সারাদেশে আসন্ন দূর্গা পূজায় ছাত্রদলকে প্রতিটি মন্দিরে স্বেচ্ছাসবক বাহিনীর ভূমিকায় থাকতে হবে। রাত জেগে পাহারা দিতে হবে। এর কোনো ব্যতয় হলে সাংগঠনিক জবাবদিহিতা নেয়া হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন স্কুল প্রতিষ্ঠাতার পুত্রবধু বিশেষ অতিথি তাহমিনা আদনান, সহকারি কমিশনার(ভূমি) মাসুদ রানা, সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, কেপি উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, প্রধান শিক্ষক মো. শাহ আলম, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন রহমান আকবর, ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (নিরব) প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।