বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানের লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইয়াংছা মুসলিম পাড়া থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪) নিখোঁজ হয়।
এদের মধ্যে রেশমি আক্তারের বাবা শহিদুল ইসলাম ও মা রোজিনা আক্তার, বাড়ি বনফুর ৯নং ওয়ার্ডে। তানিয়া সুলতানার বাবা আবুল হাশেম ও মা কুলছুমা বেগম, বাড়ি ইয়াংছারমুখ মুসলিম পাড়ায়। হালিমাতুচ্ছ সাদিয়ার বাবা বেলাল উদ্দিন ও মা শারমিন আক্তার, একই এলাকার বাসিন্দা।
বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকারের সার্বিক দিকনির্দেশনায় লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদের তত্ত্বাবধানে, কুমারী পুলিশ ফাঁড়ির আইসি এসআই জামিল আহমেদের নেতৃত্বে সঙ্গীও ফোর্স নিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিটের মধ্যে সিএমপির খুলশী থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
এর মধ্যে খুলশী ২নং রোডের ১০১ নং বাসা থেকে হালিমাতুচ্ছ সাদিয়াকে উদ্ধার করা হয়। ওই বাসার মালিক সাইফুল ইসলাম, পিতা সাবের আহমদ। অপরদিকে খুলশী টাউন সেন্টার কনকর্ড টাওয়ারের ১২/বি বাসা থেকে রেশমি আক্তার ও তানিয়া সুলতানাকে উদ্ধার করা হয়। ওই বাসার মালিক নাসির উদ্দিন, পিতা মৃত মোহাম্মদ আলী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসা মালিকরা ও ভিকটিমরা স্বীকার করেছে যে, তারা গৃহপরিচারিকার কাজের জন্য ওই বাসায় অবস্থান করছিল।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, উদ্ধারকৃত তিন কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে মুক্তিপণের জন্য বস্তাবন্দী ভিডিও পাঠানোর বিষয়টিও তদন্তাধীন রয়েছে।