রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

দুদক কার্যালয়ে হাজির ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: শ্রমিকের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় দুদকের তলবে হাজির হয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সংস্থাটির সেগুনবাগিচা কার্যলয়ে আসেন তিনি।

এ সময় তার বেশ কয়েকজন আইনজীবী সঙ্গে ছিলেন। কালো রঙের একটি গাড়িতে তিনি দুদকের গেটে এসে নামেন।

গত ৩০ মে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে আসামি করে মামলাটি করে দুদক। মামলায় ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়। মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার।

পরবর্তীতে উপযুক্ত বিষয়ে বক্তব্য দেয়ার জন্য ড. ইউনূসকে তলব করে দুদক। ৫ অক্টোবর তাকে সশরীরে দুদকে হাজির হতে বলা হয়।

২৭ সেপ্টেম্বর ড. ইউনূসকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্যদসহ ১৩ আসামির বিরুদ্ধে ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাত ও মানিলন্ডারিং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে বক্তব্য প্রদানের জন্য ৫ অক্টোবর সাড়ে ১২টায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্ত কাজে সহযোগিতা করার জন্য আপনাকে অনুরোধ জানানো হলো।

মঙ্গলবার ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, ৪ অক্টোবর ও ৫ অক্টোবর ড. ইউনূসসহ গ্রামীণ টেলিকমের ৭ জনকে তলব করা হয়েছিল। এই তালিকায় রয়েছেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com