শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

দীপিকা এবার ‘চোর’

বিনোদন ডেস্কঃ অ্যাকশন ও থ্রিলার ঘরানার বলিউড সিনেমা ‘ধুম’। এ সিরিজের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এসব সিনেমায় চোরের ভূমিকায় দেখা গেছে বলিউডের ‘হ্যান্ডসাম বয়’ জন আব্রাহাম, হৃতিক রোশান ও আমির খানকে। কিন্তু এবার বদলে যাচ্ছে চোরের চরিত্র।

কারণ পুরুষের পরিবর্তে এবার সুন্দরী এক নারী চোরকে দেখতে পাবেন দর্শক। ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার এ খবর প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস এবার একজন নারী ভিলেনকে পরিচয় করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

‘ধুম-৪’-এ এই চরিত্রে দীপিকা পাড়ুকোন অভিনয় করবেন। এখনো এ বিষয়ে আলোচনা চলছে। দীপিকা পাড়ুকোনও এতে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে চুক্তিবদ্ধ হওয়ার আগে শিডিউল সাজাচ্ছেন তিনি।

এর আগে ‘ধুম ৪’ সিনেমায় চোর বা খলনায়কের ভূমিকায় কে অভিনয় করবেন তা নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। এ তালিকায় উঠে এসেছে শাহরুখ খান, রণবীর কাপুর ও রণবীর সিং এর নাম। এবার এই তালিকায় দীপিকা পাড়ুকোনের নাম দেখে দর্শকরা বেশ উচ্ছ্বসিতই বলা যায়!

‘ধুম’ সিরিজের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধুম-৩’। বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত এ সিনেমায় অভিনয় করেন আমির খান, ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, জ্যাকি শ্রফ প্রমুখ। ২০১৩ সালের ২০ ডিসেম্বর মুক্তি পায় সিনেমাটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com