সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

দীপন হত্যা মামলার প্রতিবেদন দাখিল ৩ জুলাই

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

আজ রবিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন করে এ দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ অক্টোবর বিকালে ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। সে দিনই লালমাটিয়ায় আরেক প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করা হয়। ওই দুই প্রকাশনা থেকেই বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছে, যিনি ওই বছরই একইভাবে খুন হন।

একই দিনে দুই প্রকাশকের ওপর হামলার পেছনে আনসারুল্লাহ বাংলা টিমকে সন্দেহ পুলিশের। এর আগে অভিজিৎ রায়সহ ব্লগার হত্যার তদন্তেও ওই জঙ্গি সংগঠনটির নাম উঠে এসেছে। দীপন হত্যার ঘটনায় শাহবাগ থানায় তার স্ত্রী ডা. রাজিয়া রহমানের করা মামলায় সংগঠনটির তিন সদস্য গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

এরা হলেন মাঈনুল হাসান শামীম, আব্দুস সামাদ ওরফে আব্দুস সবুর ও খায়রুল ইসলাম। হত্যার ঘটনায় শামীম ১৬৪ ধারায় হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সবুরকেও কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com