বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

দিল্লিতে পুলিশের সঙ্গে জেনজিদের সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: ভারতের রাজধানী দিল্লিতে চলমান ‘জেনজি আন্দোলন’ ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারী জেনজিদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়া করে বলে অভিযোগ করেছে পুলিশ।

দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষে দুই সহকারী পুলিশ কমিশনার (এসিপি), একজন পরিদর্শক, একজন প্রধান কনস্টেবল ও একজন কনস্টেবলসহ মোট পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশের দাবি, সংসদ মার্গের পার্ক হোটেল এলাকার কাছে বিক্ষোভকারীদের একটি অংশ উচ্ছৃঙ্খল আচরণ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে একজন পুলিশ সদস্যকে ধাওয়া করে মারধরের ঘটনাও ঘটে। পরিস্থিতি শান্ত করতে আন্দোলনের স্বেচ্ছাসেবকদের মাঠে নামায় পুলিশ। তারা বিক্ষোভকারীদের শান্ত থাকার এবং ইটপাটকেল নিক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। স্বেচ্ছাসেবকদের ভাষ্য, সহিংসতা ছড়িয়ে পড়লে আন্দোলনের মূল উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে নিরাপত্তার স্বার্থে দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত যন্তর মন্তরের প্রায় দেড় কিলোমিটার এলাকার মধ্যে মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।

এয়ারটেল, জিও ও ভি-সহ বিভিন্ন টেলিকম অপারেটর সরকারি নির্দেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে সন্ধ্যার দিকে ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হয়।

এর আগে জেনজি আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে আটক করে পুলিশ। এরপর আন্দোলনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়।

নিরাপত্তাজনিত কারণে দিল্লির ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে সাধারণ মানুষের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

শিক্ষা, কর্মসংস্থান ও সরকারের জবাবদিহির দাবিতে শুরু হওয়া জেনজি আন্দোলন এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে। দিল্লিতে সংঘর্ষের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সরকারের পরবর্তী পদক্ষেপ এবং আন্দোলনকারীদের অবস্থানের ওপর নির্ভর করছে সংকট কোন দিকে যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com