মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার

অনলাইন ডেস্ক:: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও দ্রুত বেড়েছে। সোমবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলারের সীমা অতিক্রম করে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর সরবরাহের ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অক্টোবরের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে।

এর ফলে ব্রেন্ট ও ডব্লিউটিআই- উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই ফের ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে এসেছে। গত সপ্তাহে শুরু হওয়া মূল্যবৃদ্ধির ধারাবাহিকতাও এতে আরও জোরালো হলো।

তেলের সরবরাহ পরিস্থিতি নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। ড্রোন হামলার পর সৌদি আরব একটি তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে। এর পাশাপাশি ইরান-সমর্থিত হুথিরা বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে।

লোহিত সাগরের বাব আল-মান্দাব আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এ পথে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হলে বিশ্ববাজারে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। সরবরাহ নিয়ে এমন উদ্বেগের প্রভাবেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com