রবিবার, ২১ Jun ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

থানায় জিডি করলেই আসবে ফোন

নিজস্ব প্রতিবেদক::

আপনি কি থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছেন? জিডি করতে কি আপনার কাছে টাকা দাবি করেছে পুলিশ? কত সময় লেগেছে? ফোনে কেউ এ রকম প্রশ্ন করলে অবাক হওয়ার কিছু নেই। আপনি যদি ঢাকা রেঞ্জের কোনো থানায় জিডি করে থাকেন, তাহলে এমন ফোন আপনার কাছে আসবেই।

থানায় জিডি করলেই ফোনে মতামত নেওয়ার এই ব্যবস্থা চালু করেছে ঢাকা রেঞ্জ পুলিশ। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর—এই ১৩ জেলা নিয়ে ঢাকা রেঞ্জ। এতে থানার সংখ্যা ৯৬টি। তবে ঢাকা মহানগর ও গাজীপুর মহানগর এলাকা ঢাকা রেঞ্জের বাইরে। কাজেই ফোনের সুবিধা আপাতত পাচ্ছেন শুধুমাত্র ১৩ জেলার বাসিন্দারা।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, থানা পুলিশের আচরণ নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। সামান্য জিডি করতে গেলেও হয়রানি। সে কারণে পুরো ব্যবস্থাটি ঢেলে সাজানো হয়েছে। জিডির সব তথ্য নজরদারি (মনিটর) করা হচ্ছে। কেউ জিডি করলেই তার মতামত চাওয়া হচ্ছে। শুধু মতামত চেয়েও ক্ষান্ত থাকছে না পুলিশ। জিডির অগ্রগতির কথাও জানতে চাওয়া হচ্ছে। পুলিশের এই সেবা পেয়ে মানুষ খুশি।

রেঞ্জের অতিরিক্তি ডিআইজি মো. আসাদুজ্জামান জানান, ঢাকা রেঞ্জের ৯৬টি থানায় মাসে পাঁচ হাজারের মতো জিডি হয়। এর মধ্যে অর্ধেক জিডি হয় হুমকি, জমি দখল ও নিখোঁজের। হুমকি, জমি দখল ও নিখোঁজের জিডি যাঁরা করেন তাঁদের কাছে এসব তথ্য জানতে চাওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com