শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কন্ঠ : কুয়াশায় ঢেকে গেছে ভারতের রাজধানী দিল্লি। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ জনজীবন। তাপমাত্রা নেমেছে রেকর্ড ৩ দশমক ৩ ডিগ্রি সেলসিয়াসে।ঘন কুয়াশার কারণে বিলম্ব ও বাতিল হয়েছে দেড় শতাধিক ফ্লাইট। ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, অন্তত ১৬৮টি ফ্লাইট বিলম্ব হয়েছে। বাতিল হয়েছে ৮৪টি ফ্লাইট। জারি করা হয়েছে ঘন কুয়াশা সতর্কতা। কোনো কোনো যাত্রী জানিয়েছেন, তাদের ১৩ ঘণ্টাও অপেক্ষা করতে হয়েছে।
ইন্দিরা গান্ধী বিমানবন্দরে জিরো ভিজিবিলিটি জারি করা হয়। ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। সেসময় কোনো বিমানই টেকঅফ করেনি। মাত্র ১৫টি বিমান অবতরণ করে।
এই সময়ে বিলম্ব হয়েছে ১৮টি ট্রেনসূচি। দুই সপ্তাহ ছুটির পর খুলেছে স্কুল। তবে বদলানো হয়েছে সময়। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিন-চারদিন এই তীব্র ঠান্ডা বিরাজ করতে পারে।