বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা বিষয়ক রুলের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে আজ।
বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ শুনানি হবে। আজকের কার্যতালিকায় ৬১ নম্বর ক্রমিকে রয়েছে মামলাটি।
এর আগে ঠিকানা সংশোধন করে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞায় জারি করা রুলের নোটিশ পাঠাতে গত ১৩ আগস্ট নির্দেশ দেন হাইকোর্ট।
২০১৫ সালের ৭ জানুয়ারি এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আইনের দৃষ্টিতে পলাতক থাকায় তারেক রহমানের কোনো বক্তব্য কিংবা বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশ নিষিদ্ধে রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে তারেক রহমানের বিদেশে অবস্থান সম্পর্কে জানাতে পররাষ্ট্র সচিবকে নির্দেশ দেয়া হয়। তারেক রহমানের পাসপোর্টের মেয়াদ বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) একটি প্রতিবেদন দিতেও নির্দেশ দেন আদালত। তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেন আদালত। রুলটি এখন শুনানির জন্য প্রস্তুত হওয়ায় আজ বুধবার চূড়ান্ত শুনানি শুরু হবে। রিটটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা।
এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ করতে তার বাড়ির সামনে নোটিশ সাঁটানো হয়েছে। বাড়ির সংশোধিত ঠিকানা গুলশান ২ নম্বরের ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়ির সামনে নোটিশটি সাঁটানো হয়েছে।
এ সময় রিটকারীর পক্ষ থেকে জানানো হয়, রুলের শুনানির জন্য তারেক রহমানের গুলশানের বাসার গেইটে নোটিশ সাঁটানো হয়েছে। দেয়া হয়েছে পত্রিকায় বিজ্ঞপ্তি।
গত ১৮ আগস্ট একটি দৈনিকে এ বিষয়ে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। এর আগে গত ১৩ আগস্ট তারেক রহমানের প্রতি বিশেষ বার্তা বাহকের মাধ্যমে নোটিশ জারির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তাকে না পেলে বিকল্প হিসেবে বাড়ির সামনে টাঙাতে এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে বলা হয়।
২০১৫ সালের ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে ওই সময় হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন। সম্প্রতি ওই রুল শুনানির উদ্যোগ নেন রিটকারি আইনজীবী।
এদিকে তারেক রহমান বিদেশে থাকায় নোটিশ জারি না হয়ে তা ফেরত আসে বলে আদালতে শুনানিতে জানানো হয়। এছাড়া তারেক রহমানের ঠিকানা ভুল বলে উঠে আসে শুনানিতে। পরে আদালত রিট আবেদনকারী পক্ষকে উল্লেখিত ঠিকানা সংশোধনের জন্য আবেদন দিতে বলেন। নির্দেশ অনুযায়ী ঠিকানা সংশোধন করে আবেদন করলে নতুন করে নোটিশ জারি করতে নির্দেশ দেন আদালত।