সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

ঢাকার মঞ্চে তাপসের সঙ্গী কৈলাশ-অদিতি

বিনোদন ডেস্ক::

বেসরকারি টেলিভিশন চ্যানেল গানবাংলা। বিশ্ব শান্তি দিবস উপলক্ষে বিশেষ কনসার্টের আয়োজন করেছে চ্যানেলটি। আগামী ২১ সেপ্টেম্বর নগরীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে কনসার্টটি।

এতে সংগীত পরিবেশন করবেন ভারতীয় উপমহাদেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী কৈলাশ খের, কৌশিক হোসেন তাপস ও অদিতি সিং শর্মা। এই আয়োজনে বাদ্যযন্ত্র হাতে পারফর্ম করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাজিয়ে অ্যামাডিয়াস, শিভামনি, সঞ্জয় দাস, আরশাদ খান প্রমুখ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ভারতীয় মডেল-অভিনেত্রী শিনা চৌহান।

কনসার্ট প্রসঙ্গে কৌশিক হোসেন তাপস বলেন, “মিউজিক ফর পিস’ অর্থাৎ ‘শান্তির জন্য সংগীত’ স্লোগানকে সামনে রেখে বিশ্বময় গানে গানে শান্তির বার্তা পৌঁছে দেয়ার লক্ষ্যে গানবাংলা টিভির আন্তর্জাতিক সংগীত আয়োজন ‘উইন্ড অব চেঞ্জ’ ইতোমধ্যে বিশ্বময় সমাদৃত হয়েছে। তারই ধারাবাহিকতায় সুরে সুরে শান্তির বার্তা পৌঁছে দিতে বিশ্ব শান্তি দিবসে এ বিশেষ কনসার্টের আয়োজন করা হচ্ছে।’’

গানবাংলা টেলিভিশনের চেয়ারম্যান ফারজানা মুন্নি জানান, আসন সংখ্যা সীমিত হওয়ায় কনসার্টটি সকলের জন্য উন্মুক্ত নয়। শুধু আমন্ত্রিত অতিথিরা এটি উপভোগ করতে পারবেন।

দেশি-বিদেশি মিউজিশিয়ানদের সমন্বিত অংশগ্রহণে ‘উইন্ড অব চেঞ্জ’-এর মাধ্যমে দেশীয় সংগীতকে অন্যমাত্রায় পৌঁছে দিয়েছেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি। এই আয়োজনের ‘শান্তির জন্য সংগীত’ স্লোগানের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন দেশি-বিদেশি মিউজিশিয়ানরা।

তাদের মতে, যুদ্ধ-বিগ্রহ ও অশান্তির এই পৃথিবীতে কেবল গানই পারে শান্তির খোঁজ দিতে। গানের মাধ্যমে শান্তি অন্বেষণের জন্যই ‘মিউজিক ফর পিস’ স্লোগানের স্বপক্ষে দাঁড়িয়েছেন তারা।

গানবাংলার এমন উদ্যোগের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটির দুই অধিকর্তা তাপস-মুন্নি সম্প্রতি অর্জন করেছেন ‘মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার-২০১৮’ ও ভারতের অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা ‘দাদা সাহেব ফালকে এক্সলেন্সি অ্যাওয়ার্ড ২০১৮’।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com