রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

জ্বিনের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন, হাসপাতাল থেকে ফিরে ফের দাফন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের মেলান্দহ উপজেলায় দাফনের প্রায় ১২ ঘণ্টা পর এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করে হাসপাতালে নেওয়ার ঘটনা ঘটেছে।

পরিবারের কয়েকজন সদস্যের দাবি, ‘জিনে আসর’ হওয়ার পর পাওয়া নির্দেশের ভিত্তিতেই তারা এ কাজ করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে ওই বৃদ্ধাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তবে কয়েক ঘণ্টা পর পরিবারের সদস্যদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয়। তারা দাবি করেন, মৃত নারীর ছেলে ও মেয়েকে ‘জিনে আসর’ করেছে এবং তাদের মা এখনো জীবিত। এ বিশ্বাস থেকেই রাতে কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করা হয়।

 

মরদেহটি প্রথমে মেলান্দহ এবং পরে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে নিশ্চিত করেন। এরপর মরদেহটি আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়।

ঘটনার বিষয়ে পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট চিকিৎসকেরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com