শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আলী আকবর রুপু

বিনোদন ডেস্ক:: দেশের বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলী আকবর রুপু এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

সোমবার বিকালে আলী আকবর রুপুর মেয়ে ফারিয়া নাজ জানান, তার বাবা অনেক দিন থেকেই হৃদরোগে ভুগছেন। তার কিডনির সমস্যা শুরু হয়েছে। সাত মাস ধরে তার কিডনির ডায়ালাইসিস করা হচ্ছে। গত শুক্রবার ডায়ালাইসিস করার সময় তার স্ট্রোক হয়। পাশাপাশি হৃদরোগে আক্রান্ত হন রুপু। এ অবস্থায় অচেতন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ফারিয়া নাজ আরও জানান, হাসপাতাল থেকে আলী আকবর রুপুকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু পরিবারের সদস্যরা তাতে রাজি হননি। তিনি বাবার জন্য দোয়া চেয়েছেন।

এ বিষয়ে আলী আকবর রুপুর ঘনিষ্ঠ বন্ধু লিটন অধিকারী রিন্টু বলেন, রুপুর অবস্থা আসলে খুবই খারাপ। তার শরীরে অনেক সমস্যা। চিকিৎসকরা ঠিক বুঝে উঠতে পারছেন না কোনদিকে আগে ট্রিটমেন্ট করবেন। কিডনি ধরতে গেলে হার্টে সমস্যা হচ্ছে। ওর ব্রেনও ক্ষতিগ্রস্ত। চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখতে চাইছে। কিন্তু ওর মেয়ে ও পরিবার চাইছে না। তারা বলছেন, রুপু আগে থেকেই না করে গিয়েছিল লাইফ সাপোর্টে যেন তাকে না রাখা হয়। সবাই দোয়া করবেন রুপুর জন্য।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com