মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

জীবনের গল্প শোনাতে ঢাকা আসছেন মনীষা কৈরালা

বিনোদন ডেস্ক:: সাহিত্যের উৎসব ঢাকা লিট ফেস্টের আয়োজনের দিন-তারিখ ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। আগামী ৮ নভেম্বর বাংলা একাডেমিতে নবমবারের মতো এ উৎসব হতে যাচ্ছে।

এবার এ উৎসবে কারা আসছেন, কী থাকছে তা নিয়ে আলাপ শুরু হয়েছে। এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। কিন্তু এ বিষয়ে জানা গেছে, এবার ঢাকা লিট ফেস্টের অন্যতম আকর্ষণ হয়ে আসছেন উপমহাদেশের বিখ্যাত বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। তিনি আসছেন তার জীবনের নানা গল্প শোনাতে, বিশেষ করে তার ক্যানসারের সঙ্গে লড়বার কথামালা নিয়ে।

সম্প্রতি মনীষা কৈরালা এ সংক্রান্ত বিষয় নিয়ে তার জীবনের প্রথম গ্রন্থ ‘দ্য বুক অব আনটোল্ড স্টোরিজ’ প্রকাশের ঘোষণা দিয়েছেন। ঢাকা লিট ফেস্টে তিনি তার এ বই ও জীবন নিয়ে দুই ঘণ্টার একটি বিশেষ সেশনে অংশ নেবেন বলেও একটি সূত্র নিশ্চিত করেছে।

এ ছাড়া এবারের উৎসবের আরও আসছেন পুলিৎজার জয়ী দুই সাহিত্যিক এডাম জনসন ও ট্রেড এডরস। ভারত থেকে আরও আসছেন বিখ্যাত লেখক শংকর ও নারীবাদী লেখক-অভিনেত্রী নন্দিতা দাস।

আগামী ৪ নভেম্বর সকালে ঢাকা লিট ফেস্ট ২০১৮-এর সার্বিক বিষয় নিয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বাংলা একাডেমিতে। সেখানেই আনুষ্ঠানিকভাবে এবারের আয়োজন নিয়ে বিস্তারিত জানানো হবে। তার আগেই আয়োজনের বিষয়ে তথ্য অনুসন্ধানে জানা গেছে এবারের আয়োজনটি আরও বিস্তৃত পরিসরে সাজানো হয়েছে। আয়োজনের সঙ্গে যুক্ত একটি সূত্র নিশ্চিত করেছে, ইতিমধ্যেই মনীষা কৈরালা আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। এবারও অভিনেত্রী টিল্ডা সুইন্টন আসবার বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।

আরেকটি সূত্র জানায়, বরাবরের মতো এবারও দেশ-বিদেশের দুই শতাধিক সাহিত্যিক, অভিনেতা, রাজনীতিক, গবেষক, সাংবাদিক, প্রকাশক, চিন্তাবিদ, ইতিহাসবিদ প্রায় একশ সেশনে অংশ নেবেন। অংশগ্রহণকারীদের তালিকা কয়েক দিনের মধ্যেই ঢাকা লিট ফেস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আয়োজনে দেশের সাহিত্যিকদেরও বিরাট অংশগ্রহণ থাকবে।

তবে লিট ফেস্টের এবারের আয়োজন নিয়ে উৎসবের অন্যতম পরিচালক সাদাফ সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com