মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন কৃষকের সন্তান। বাঙালির রাখাল রাজা। পল্লী গ্রামের মানুষেরা তাকে এ নামেই ডাকতো। তাই তিনি এদেশে কৃষক ও কৃষির কথা চিন্তা করে সেচ ব্যবস্থায় খাল খননের মাধ্যমে কৃষি কাজে উন্নয়নে জোর দিয়েছিলেন। যার ফল পল্লী এলাকার মানুষ আজও এর সুবিধা ভোগ করছেন। তিনিই পল্লী উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন।
সোমবার (৬ জুলাই) দুপুর ১টায় ঢাকার নবাবগঞ্জের আব্দুল ওয়াছেক মিলনায়তনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরী হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লী উন্নয়ন ও কৃষকদের জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর ইচ্ছায় এবারই প্রথম সারাদেশে এ দিবস পালন হচ্ছে।
তিনি আরও বলেন, গ্রামের মানুষের উন্নয়নে সমবায় ভিত্তিক আরো উদ্যোগ গ্রহণ করতে হবে। সমবায়ের সুবিধাভোগীরা যাতে সরকারি নানা উপকরণ পেয়ে তাঁদের উৎপাদন বৃদ্ধি করতে পারে সে বিষয়ে কর্মকর্তাদের আরো বেশী দায়িত্বশীল হতে হবে। নবাবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা দিলরুবা ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নূরুন্নবী খন্দকার, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, এরশাদ আল মামুন, মহসিন আহমেদ তুষার. সাবেক ভিপি মহসীন রহমান আকবর, যুবদলের নেতা দুর্জয় মাহমুদ সোহেল, নারী নেত্রী শাহিনুর রহমান, বিলকিস চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে দুই জন সফল সমবায়ীদের ২ লাখ টাকা করে পুরস্কৃত করা হয়। এছাড়াও সমবায়ীদের মাঝে গাছের চারা বিতরণ এবং গাছ রোপন করেন। পরে এ দিবসের একটি শোভাযাত্রায় অংশ নেন এমপি।
অপরদিকে দোহার উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। একইদিন দুপুরে সংসদ সদস্য আশফাক দোহারের জয়পাড়া ডিগ্রী কলেজে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে জুস পানি ও কলম বিতরণ করেন। দোহারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও মাইদুল ইসলাম, সহকারি কমিশনার(ভূমি) তাসফিক সিগবাত উল্লাহ, পল্লী উন্নয়ণ কর্মকর্তা আব্দুস সাত্তার, ওসি আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা নুরুল ইসলাম বেপারি, নজরুল ইসলাম মেছের, এমএ কুদ্দুস, সেন্টু ভুইয়া, নারী নেত্রী শম্পা আক্তার, মিনু আক্তার, রুবিনা রাজ, জেসমিন আক্তার প্রমুখ।