সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি করছেন তারেক রহমান: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবারকে রাজনীতিতে পুনর্বাসনের ইঙ্গিত দিয়ে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো একই ঐতিহাসিক ভুল করতে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গতকাল রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া তারেক রহমানের একটি সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে এই প্রতিক্রিয়া জানান তিনি।

গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী অবস্থান
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, “রয়টার্সে একটি রাজনৈতিক দলের প্রধানের বক্তব্য দেখলাম যেখানে বলা হয়েছে- জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারে। কিন্তু বাস্তবতা হলো, জনগণ যদি শেখ হাসিনা বা তার পরিবারকে রাজনীতিতে চাইত, তবে জীবনের ঝুঁকি নিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন ঘটাত না। প্রায় ১৪০০ মানুষের আত্মত্যাগের পর এমন বক্তব্য সেই রক্তের সাথে বেইমানি করার শামিল।”

অতীতের ভুলের চড়া মাশুল
সাবেক এই উপদেষ্টা ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে বলেন, ১৯৭৫ সালে বাকশালের পতনের পর জিয়াউর রহমান একটি বড় ভুল করেছিলেন। তিনি শেখ মুজিবুর রহমানের মেয়েকে দেশে ফিরে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। সেই একটি ভুলের খেসারত জাতিকে গত ১৭ বছর ধরে গুম, হত্যা এবং দুঃশাসনের মাধ্যমে দিতে হয়েছে।

তিনি আরও যোগ করেন, “জিয়াউর রহমানের সেই ভুলের কারণে কেবল জাতিই ক্ষতিগ্রস্ত হয়নি, তার নিজের পরিবারকেও চরম মূল্য দিতে হয়েছে। বেগম খালেদা জিয়াকে স্লো-পয়জনিংয়ের শিকার হতে হয়েছে এবং শেষ পর্যন্ত তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তারেক রহমান এখন সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি করতে চাচ্ছেন।”

আসিফ মাহমুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, যে খুনি রাজবংশকে তাড়াতে হাজারো মায়ের বুক খালি হয়েছে, তাদের পুনরায় রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়ার চিন্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com