বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥ জামালপুরের ইসলামপুরে অটোরিকশার চার্জারের পিন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঞ্চন মিয়া (৩৫) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার চিনাডুলি ইউনিয়নে বলিয়াদহ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত কাঞ্চন মিয়া ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কাঞ্চন মিয়া নিজ বাড়িতেই তার ব্যাটারি চালিত অটোরিকশা রাতে চার্জে দিয়ে রেখেছিলেন। সকালে পিন খুলতে গিয়ে বিদ্যুতায়িত হন। এ সময় তাকে উদ্ধারের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অটো চার্জারের পিন খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি জেনেছি। এ বিষয়ে পরিবারের অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।