শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার পতেঙ্গায়

বিনোদন ডেস্ক:: বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। দেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, শিল্প-সাহিত্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ নানা বিষয়ই তুলে আনা হয় এই অনুষ্ঠানে।

‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত বাংলাদেশ নেভাল একাডেমিতে। গত ১৬ জানুয়ারি বঙ্গোপসাগর আর কর্ণফুলীর মোহনায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ঐতিহ্যবাহী বাংলাদেশ নেভাল একাডেমির বঙ্গবন্ধু কমপ্লেক্সের সামনে এবারের পর্বটি ধারণ করেন অনুষ্ঠানটির উপস্থাপক হানিফ। এদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে দৃশ্যধারণের কাজ।

হানিফ সংকেত জানান, এবারের পর্বে দুটি গান রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীকে নিয়ে রচিত একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থী। গানটিতে কণ্ঠ দিয়েছেন নৌ সদস্য সৌরভ, মেহেদী, পিয়াল ও আনুভা। নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম মুকুল ও মামুন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরব নিয়ে আরেকটি দেশের গান গেয়েছেন চট্টগ্রামের সন্তান সংগীতশিল্পী রবি চৌধুরী ও নৌ সদস্য লেফটেন্যান্ট সাদিয়া। গানের সঙ্গে যন্ত্রসংগীতে অংশগ্রহণ করেছে নৌবাহিনীর অর্কেস্ট্রা দল। দুটি গানেরই কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী।

ঝরেপড়া শিশুদের নেশা থেকে বাঁচিয়ে জীবনের দিশা দেওয়ার জন্য একটি নৈতিক স্কুল খুলেছেন মুক্তিযোদ্ধা অধ্যাপক গাজী সালেহ উদ্দিন। তার ওপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন। গুড় একটি অত্যন্ত প্রাচীন মিষ্টিজাতীয় খাদ্য এবং বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এবারে সেই গুড় তৈরি, গুড়ের মান ও বিক্রির ওপর রয়েছে অনুসন্ধানী প্রতিবেদন। চুয়াডাঙ্গা জেলার ট্রাফিক পুলিশ সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাসের অনন্য পাখি প্রেমের ওপর রয়েছে একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার হাসান পারভেজ ও তার হাতে লেখা পত্রিকার ওপর রয়েছে হৃদয়স্পর্শী প্রতিবেদন। ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামের হেলালউদ্দিনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের নিয়ে রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন।

নিয়মিত দর্শকপর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ণ নাট্যাংশ। বরাবরের মতো এবারো ‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। আবহ সংগীত করেছেন নাভেদ পারভেজ। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ফাগুন অডিও ভিশনের ব্যানারে নির্মিত ‘ইত্যাদি’-এর এবারের পর্বটি আগামী ২৯ জানুয়ারি রাত ৮টা ৪০ মিনিটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com