শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

চারঘাটে উন্নয়নের চাকা ঘুরছে ড্রেন-সড়ক নির্মাণে বদলে যাবে পৌরবাসীর জীবনযাত্রা

চারঘাটে উন্নয়নের চাকা ঘুরছে ড্রেন-সড়ক নির্মাণে বদলে যাবে পৌরবাসীর জীবনযাত্রা

 চারঘাট (রাজশাহী) প্রতিনিধি ঃ

দীর্ঘদিনের অবহেলা ও নাগরিক দুর্ভোগ কাটিয়ে উন্নয়নের নতুন পথে হাঁটছে রাজশাহীর চারঘাট পৌরসভা। আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গড়ে তোলার লক্ষ্যে হেমন্তর মোড় থেকে লুৎফর মাস্টারের বাড়ি পর্যন্ত ড্রেন ও আরসিসি সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে জলাবদ্ধতা কমবে, যান চলাচল সহজ হবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

শনিবার ১১ জুলাই আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য মো. আবু সাইদ চাঁদ। এ সময় তিনি বলেন, উন্নয়নের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অবকাঠামো নির্মাণে সরকার ও জনপ্রতিনিধিরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে চারঘাট পৌরসভাকে একটি আধুনিক, নিরাপদ ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তর করাই তাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সড়ক, ড্রেনেজ, সুপেয় পানি, আলোকসজ্জাসহ নাগরিক সুবিধা বাড়াতে পর্যায়ক্রমে আরও প্রকল্প বাস্তবায়ন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারঘাট পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. ওবায়দুর রহমান মিতুল, সাধারণ সম্পাদক মো. শাজাহান, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও চারঘাট পৌরসভার মেয়র প্রার্থী মো. আব্দুস সালেক আদিল, সাবেক ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মো. মোজাফফর, চারঘাট পৌর কৃষক দলের সাধারণ সম্পাদকসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এলাকায় দীর্ঘদিন জলাবদ্ধতা সৃষ্টি হতো। পাশাপাশি সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন ড্রেন ও আরসিসি সড়ক নির্মাণ সম্পন্ন হলে শুধু নাগরিক ভোগান্তিই কমবে না, বরং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এলাকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডেও নতুন গতি আসবে।

চারঘাট পৌরসভার উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এ প্রকল্পকে স্থানীয়রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, ঘোষিত সময়ের মধ্যে কাজ শেষ হলে পৌরবাসী দীর্ঘদিনের একটি বড় সমস্যার স্থায়ী সমাধান পাবে এবং চারঘাট পৌরসভা আধুনিক নগর ব্যবস্থাপনার পথে আরও একধাপ এগিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com