রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

চলচ্চিত্র প্রযোজক-পরিচালক মতিউর রহমান পানু আর নেই

বিনোদন প্রতিবেদক::

পরিচালক হতে এসে হয়ে যান দেশের অন্যতম ব্যবসাসফল ছবি ‘বেদের মেয়ে জোছনা’র প্রযোজক। মতিউর রহমান পানু পরবর্তীতে সিনেমা পরিচালনায়ও হয়েছেন সফল। দেশের চলচ্চিত্রে নামকরা এই প্রযোজক-পরিচালক শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

মঙ্গলবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটে ঢাকার উত্তরায় নিজ বাসায় তিনি মারা যান।

মতিউর রহমান পানুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। খসরু বলেন, ‘বেশ কিছুদিন ধরে পানু ভাই অসুস্থ ছিলেন। তিনি নানা রকমের বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।’

দেশে করোনাভাইরাসের সংক্রমণের কারণে মতিউর রহমান পানুর মরদেহ নিয়ে কোনো আনুষ্ঠানিকতা থাকবে কি না তা নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলে জানান খসরু। তিনি বললেন, ‘এসব ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। বুধবার সকালে সব জানা যাবে।’

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি ও বাংলাদেশ চলচিত্র পরিচালক সমিতি মতিউর রহমান পানুর মৃত্যুতে বিদেহী আত্মার প্রতি সম্মান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

মতিউর রহমান পানু ১৯৩৯ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদরে জন্ম গ্রহণ করেন। বেড়ে ওঠা বগুড়াতেই, তিনি ১৯৬২ সালে বগুড়া সেন্ট্রাল হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন এবং কিছুদিন পর বগুড়া জেলা থেকে ঢাকা চলে আসেন। ১৯৬৪ সালে তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে পা রাখেন। প্রথমে তিনি কয়েকজন চলচ্চিত্র পরিচালকের সহকারী হিসেবে কাজ করেন, এঁদের মধ্যে দারাশিকো, সৈয়দ আউয়াল ও আকবর কবির পিন্টু ছিলেন অন্যতম। তবে পরিচালক বাবুল চৌধুরীর সহকারী হিসেবেই বেশি কাজ করেছেন পানু। আঁকাবাঁকা, টাকা আনা পাই, প্রতিশোধসহ বেশ কয়েকটি ছবির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৭৯ সালে পানু ‘হারানো মানিক’ নামের ছবি পরিচালনা করে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর পরিচালিত ও প্রযোজিত ছবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘বেদের মেয়ে জোছনা’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘মনের মাঝে তুমি’, ‘টাইগার নাম্বার ওয়ান’, ‘হারানো মানিক’, ‘আপন ভাই’, ‘নাগ মহল’, ‘নির্দোষ’, ‘সাহস’, ‘মান মর্যাদা’, ‘নির্যাতন’, ‘সাথী’।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com