শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: জাতিসঙ্ঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস এ আন্তর্জাতিক সংস্থার ফিলিস্তিন শরণার্থী শিবিরের কার্যক্রম ‘অব্যাহত রাখার নিশ্চয়তা’ দিতে শনিবার দাতা দেশগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন।
গত ৭ অক্টোবর ইসরাইলে চালানো হামাসের হামলায় এ সংস্থার স্টাফদের জড়িত থাকার অভিযোগ উত্থাপন করে বেশ কয়েকটি দেশ সেখানে তাদের অর্থায়ন বন্ধ করে দেয়ার পর তিনি এ অনুরোধ জানালেন।
এ সংস্থার সংক্ষিপ্ত নাম উল্লেখ করে এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘আমি তাদের উদ্বেগ বুঝতে পারলেও ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম অব্যাহত রাখার নিশ্চয়তা দিতে গাজা শরণার্থী শিবিরে অর্থায়ন বন্ধ করে দেয়া দেশগুলোর সরকারের প্রতি আমি জোরালো অনুরোধ জানাচ্ছি। আমি নিজেই এমন অভিযোগে আতঙ্কিত হয়ে পড়েছিলাম।’
এদিকে ফিলিস্তিনে জাতিসঙ্ঘের ত্রাণ ও শরণার্থী সংস্থায় (ইউএনআরডব্লিউএ) মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অনুদান স্থগিত করছে আরো ৮টি দেশ।
এই দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।
১৯৪৯ সালে প্রতিষ্ঠিত জাতিসঙ্ঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা ইউএনআরডব্লিউএ গাজায় কাজ পরিচালনা করা জাতিসঙ্ঘের বৃহত্তম সংস্থা। সংস্থাটি গাজা, পশ্চিম তীর, জর্ডান, লেবানন ও সিরিয়ার ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য মানবিক সহায়তা প্রদান করে। গাজার অভ্যন্তরে সংস্থাটির প্রায় ১৩ হাজার কর্মী রয়েছে।
ইউএনআরডব্লিউএ একটি সামাজিক মাধ্যম পোস্টে বলেছে, ‘২০ লাখ মানুষ তাদের সাহায্যের ওপর নির্ভরশীল।’
এর আগে শুক্রবার লিখিত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, গত ৭ অক্টোবরের হামলার সাথে ইউএনআরডব্লিউএর অন্তত ১২ জন কর্মীর সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে।
সূত্র : আল-জাজিরা ও এএফপি