সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: কুমিল্লার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছয় মাসের জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

আজ সোমবার সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে এ আবেদন করা হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনালের মো. বশির উল্লাহ জানিয়েছেন, আজই এ আবেদনের ওপর আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি হতে পারে।

এর আগে সকালে কুমিল্লার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছয় মাসের জন্য জামিন দেন আদালত। তবে নড়াইলের মানহানি মামলা ‘উত্থাপিত হয়নি’ মর্মে তার জামিন আবেদন খারিজ করে দেন আদালত।

আদালত বলেছেন, ‘এ মামলার অপরাধ যেহেতু জামিনযোগ্য, সে কারণে আপনারা আগে নড়াইলের আদালতে যে আবেদন রয়েছে সেটা নিষ্পত্তি করে আসেন। সেখানে জামিন না পেলে আমরা জামিন দেবো।’ বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে কুমিল্লার নাশকতার দুই মামলা ও নড়াইলের মানহানি মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের ওপর গতকাল রোববার শুনানি শেষ হয়। শুনানি শেষে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেন আদালত।

আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন। আরও ছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, বদরোদ্দোজা বাদল প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ড. মো. বশির উল্লাহ।

গত ২০ মে তিন মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। এর মধ্যে কুমিল্লায় পেট্রলবোমা মেরে অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগে একটি ও নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি এবং নড়াইলে মানহানির অভিযোগে করা একটি মামলা। এসব জামিন আবেদনের ওপর গত ২২, ২৩ ও ২৪ মে শুনানি হয়। গতকাল রোববার শুনানি শেষ হয়।

গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। তবে তার কারামুক্তির জন্য আরও ছয়টি মামলায় জামিন নিতে হবে। পাশাপাশি তিনটি মামলায় হাজিরা পরোয়ানা প্রত্যাহারের প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com